অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সহায়তায় যাওয়া মার্কিন নাগরিকদের আটকের ঘটনায় ইসরায়েলি বাহিনীর কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস ভ্যান হোলেন। একই সঙ্গে এই ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নীরব ভূমিকা নিয়েও তিনি গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
এই মার্কিন আইনপ্রণেতার দাবি, যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্ব থেকে কোনো ধরনের প্রতিবাদ বা প্রতিক্রিয়া না আসার কারণেই ইসরায়েল প্রতিনিয়ত বেপরোয়া আচরণ করছে। প্রশাসনের এই নীরবতার সুযোগ নিয়ে তারা বিনা বাধায় একের পর এক অন্যায় করে পার পেয়ে যাচ্ছে।
মূল ঘটনাটি ঘটে অধিকৃত পশ্চিম তীর এলাকায়। সেখানে স্থানীয় ফিলিস্তিনি কৃষকদের জলপাই সংগ্রহে সহায়তা ও নিরাপত্তা দিতে গিয়েছিলেন একদল মার্কিন নাগরিক। ওই দলে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস প্রার্থী ব্র্যাড ল্যান্ডারও উপস্থিত ছিলেন। ইসরায়েলি প্রশাসন তাদের সবাইকে আটক করে। পরবর্তীতে ব্র্যাড ল্যান্ডারকে মুক্তি দেওয়া হলেও তার সফরসঙ্গী অন্যান্য মার্কিন অধিকারকর্মী ও কয়েকজন যাজককে এখনো আটকে রাখা হয়েছে।
পুরো বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষোভ প্রকাশ করে একটি বার্তা দিয়েছেন সিনেটর ভ্যান হোলেন। সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন, কেবল একজনকে মুক্তি দেওয়াই যথেষ্ট নয়, আটকে রাখা বাকি মার্কিন নাগরিকদেরও অবিলম্বে ছেড়ে দিতে হবে। মার্কিন নাগরিকদের প্রতি ইসরায়েল যদি এমন আগ্রাসী মনোভাব দেখাতে পারে, তাহলে সাধারণ ফিলিস্তিনিদের ওপর তারা কতটা ভয়াবহ নিপীড়ন চালাচ্ছে তা সহজেই অনুমেয় বলে মন্তব্য করেন এই সিনেটর।