রবিবার, 18 অক্টোবর 2026
সকল বিভাগ

সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য দিয়েছে এফবিআই: দুদক

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত গত ১৩ জানুয়ারি সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের সাত দেশে থাকা ১ হাজার ৮২৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৯০৫ টাকার সম্পত্তি জব্দের নির্দেশ দেন। আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এই নেতার বিরুদ্ধে করা ওই আবেদনে যুক্তরাষ্ট্রে থাকা তাঁর ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পত্তির ক্রয়মূল্য দেখানো হয়েছিল ৪৩৬ কোটি ৮৮ লাখ ৬৫ হাজার ২৪২ টাকা।

সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য দিয়েছে এফবিআই: দুদক
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি: সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমীলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ, ব্যাংক হিসাব ও ব্যবসার রেকর্ড-সংক্রান্ত তথ্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রীর বিষয়ে যুক্তরাষ্ট্রে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ বা এমএলএআর পাঠিয়েছিল দুদক। তদন্ত বা বিচারকাজে তথ্য, নথি কিংবা সম্পদ জব্দের জন্য অন্য দেশের কাছে আনুষ্ঠানিকভাবে সহায়তা চাওয়ার এই প্রক্রিয়াকে এমএলএআর বলা হয়। এ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষের অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহায়তা চাওয়া হয়েছিল।

এর পরিপ্রেক্ষিতে এফবিআই তথ্য পাঠিয়েছে বলে জানান আকতারুল ইসলাম। তবে প্রতিবেদনটি কবে এসেছে, এতে কী তথ্য রয়েছে কিংবা কত সম্পদ চিহ্নিত হয়েছে, তা প্রকাশ করেনি দুদক। যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো সম্পদ এরই মধ্যে জব্দ বা বাজেয়াপ্ত করা হয়েছে কি না, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রে থাকা দম্পতির সম্পদের মূল্য জানতে চাইলে আকতারুল ইসলাম বলেন, ‘পরে তথ্য পাওয়া গেলে সাংবাদিকদের জানানো হবে।’

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত গত ১৩ জানুয়ারি সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের সাত দেশে থাকা ১ হাজার ৮২৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৯০৫ টাকার সম্পত্তি জব্দের নির্দেশ দেন। আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এই নেতার বিরুদ্ধে করা ওই আবেদনে যুক্তরাষ্ট্রে থাকা তাঁর ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পত্তির ক্রয়মূল্য দেখানো হয়েছিল ৪৩৬ কোটি ৮৮ লাখ ৬৫ হাজার ২৪২ টাকা।

আইল অব ম্যানে সম্পত্তি অবরুদ্ধ

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তাঁর স্ত্রী নাসরিন ইসলাম এবং ওয়ান প্রপার্টি লিমিটেডের বিষয়ে দুদকের আইনি সহায়তার অনুরোধ পুরোপুরি বাস্তবায়নের তথ্য দিয়েছে যুক্তরাজ্যের স্বায়ত্তশাসিত দ্বীপ অঞ্চল আইল অব ম্যান কর্তৃপক্ষ। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পত্তি অবরুদ্ধ করার তথ্যও তারা দুদককে জানিয়েছে।

ব্রিটিশ কোম্পানি নিবন্ধকের অনলাইন নথি অনুযায়ী, ওয়ান প্রপার্টি লিমিটেড আইল অব ম্যানে নিবন্ধিত। এতে নাসরিন ইসলাম ও নজরুল ইসলাম মজুমদারকে প্রতিষ্ঠানটির সুবিধাভোগী মালিক হিসেবে দেখানো হয়েছে। কোম্পানিটিতে দুজনেরই ২৫ শতাংশের বেশি শেয়ার ও ভোটাধিকার রয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

বিদেশযাত্রার অনুমতি ওবায়দুল করিমের

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল আদালত তাঁকে তিন মাসের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছেন। ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।