দক্ষিণ ইরানি ভূখণ্ডের সামরিক ও বেসামরিক স্থাপনায় পরিচালিত হামলার বদলা নিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাটিগুলোকে নিশানা করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
দেশটির খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র কর্নেল ইব্রাহিম জোলফাগারি সামরিক এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইরানের জাতীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে জোলফাগারি দাবি করেন, তাঁদের এই বিধ্বংসী হামলায় মার্কিন বাহিনীর অবকাঠামো, সরঞ্জাম ও সামরিক সুবিধার বিপুল ক্ষতি সাধিত হয়েছে। পাশাপাশি হামলায় উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনাসদস্য এবং পদস্থ কর্মকর্তা হতাহত হয়েছেন বলেও তাঁর তরফ থেকে দাবি করা হয়।
বিবৃতিতে স্পষ্ট বার্তা দিয়ে তিনি জানান, নিজেদের আগ্রাসী আচরণের জন্য যুক্তরাষ্ট্র অনুশোচনা প্রকাশ না করা পর্যন্ত আমেরিকান অবস্থানগুলোতে তাঁদের হামলা অব্যাহত রাখা হবে।
একই সাথে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রতিপক্ষের পক্ষ থেকে হামলা অব্যাহত থাকলে পরবর্তীতে এর চেয়েও অধিক শক্তিশালী ও ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে। উপরন্তু, মার্কিন বাহিনীকে কোনো প্রকার সহায়তা বা সুবিধা প্রদানকারী যেকোনো দেশকে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও তিনি স্পষ্ট করেন।