শনিবার, 21 নভেম্বর 2026
সকল বিভাগ

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

শেখ হাসিনার স্বাক্ষর নকল করেই নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার বরাবর ওই চিঠিটি পাঠানো হয়েছে।

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পুনর্বহালের লক্ষ্যে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো চিঠিতে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, শেখ হাসিনার বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফিরে পাওয়ার উদ্যোগের অংশ হিসেবে লন্ডনের ওই আইনজীবী চেম্বারের প্রতিনিধিরা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করেন। আবেদনের সাথে তারা শেখ হাসিনার স্বাক্ষর সম্বলিত একটি ওকালতনামা সংযুক্ত করেন। তবে নথিতে থাকা ইংরেজি স্বাক্ষরটি নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে যে, শেখ হাসিনা দাপ্তরিক কাজে সচরাচর ইংরেজিতে স্বাক্ষর করেন না।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেন, শেখ হাসিনার স্বাক্ষর নকল করেই নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার বরাবর ওই চিঠিটি পাঠানো হয়েছে। তিনি জানান, বিষয়টি নিয়ে নয়াদিল্লি হাইকমিশনে কর্মরত একজন কর্মকর্তার সঙ্গে তার বিস্তারিত আলোচনা হয়েছে এবং মিশন কর্তৃপক্ষ নথিপত্র যাচাই-বাছাই করে স্বাক্ষর জালিয়াতির প্রমাণ পেয়েছে।

রাশেদ খাঁন তার পোস্টে আরও উল্লেখ করেন, একজন ব্যক্তির স্বাক্ষর অভিন্ন হওয়া আবশ্যক এবং এ ধরনের আবেদনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রে পূর্বের ব্যবহৃত বা স্বীকৃত স্বাক্ষরের বাইরে ভিন্ন কোনো স্বাক্ষর ব্যবহারের বৈধ সুযোগ নেই। অতীতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে শেখ হাসিনা তার সমস্ত দাপ্তরিক কাগজপত্রে বাংলায় স্বাক্ষর করেছেন বলে তিনি জানান।

লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠানটির সমালোচনা করে রাশেদ খাঁন মন্তব্য করেন, স্বাক্ষর জালিয়াতি করতে গিয়ে ম্যাট্রিক্স চেম্বার্স বড় ধরনের ভুল করেছে। চিঠি পাঠানোর পূর্বে তারা অন্তত একবার যাচাই করে নিতে পারত যে, তিনি বাংলায় নাকি ইংরেজিতে স্বাক্ষর করেন।