বুধবার, 18 নভেম্বর 2026
সকল বিভাগ

নাটোরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা: আতঙ্কিত এলাকাবাসী

নাটোরের বাগাতিপাড়ায় সোমবার গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নাটোরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা: আতঙ্কিত এলাকাবাসী
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়কে লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় এই অন্তর্ঘাতমূলক ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের জামনগর শাখার ব্যবস্থাপক শফিউল হাসান জানান, ব্যাংকের মূল কার্যালয়ের ঠিক সামনেই পাহারাদারের থাকার ঘর রয়েছে। ঘটনার সময় ওই পাহারাদার ঘুমাচ্ছিলেন। প্রথম বোমাটি নিক্ষেপ করার পর বিকট আওয়াজ হলে তার ঘুম ভেঙে যায় এবং তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকার ও বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের বাড়ির লোকজন দ্রুত এগিয়ে আসেন। তবে ততক্ষণে দুর্বৃত্তরা মোটরসাইকেলে চড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে আগুন জ্বলতে দেখা যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে গ্রামীণ ব্যাংকের নাটোর এরিয়া ম্যানেজার আহসান হাবিব জানান, সোমবার রাত আড়াইটার দিকে জামনগর শাখার ব্যবস্থাপক তাকে ফোন করে ব্যাংকের প্রধান ফটকের সামনে তিনটি পেট্রোল বোমা ছোড়ার খবর দেন। সকালে তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান। ইতোমধ্যে বিষয়টি উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ এবং রাজশাহী জোনাল অফিসকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তবে সৌভাগ্যবশত এই হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান বলেন, এলাকায় এই ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে এ ধরনের আতঙ্কজনক ঘটনা এর আগে কখনো ঘটেনি। এই আকস্মিক হামলায় পুরো এলাকায় এক ধরনের ভীতি ছড়িয়ে পড়েছে। উত্তরপাড়ার আরেক বাসিন্দা আব্দুর রশিদ জানান, তাদের শান্ত এলাকায় এমন ঘটনা সম্পূর্ণ নতুন। ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম। তিনি জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বাগাতিপাড়া উপজেলার জামনগরের বাঁশবাড়িয়া এলাকায় বোমা নিক্ষেপের এই ঘটনা ঘটে। বর্তমানে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ দল ঘটনাস্থলে রয়েছে এবং আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত প্রক্রিয়া শেষ হলে এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।