গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনের সময় জখম হওয়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দেখতে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতালটিতে পৌঁছান। পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসাধীন বিজিবি সদস্যদের শয্যাপাশে গিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চলমান চিকিৎসাসেবা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন।
সেই সঙ্গে আহত সদস্যদের আশু আরোগ্য কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে জননিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের আক্রমণে খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েক মো. মনির হোসেন (৪০) মাথায় গুরুতর আঘাত পান। তাৎক্ষণিকভাবে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে অধিকতর উন্নত চিকিৎসার প্রয়োজনে গত ২১ নভেম্বর পিলখানার শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে নিয়ে আসা হয়।
অন্যদিকে, গত ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে শৃঙ্খলা বজায় রাখার কাজে নিয়োজিত থাকাকালে আন্দোলনরত শ্রমিকদের নিক্ষিপ্ত ইটের আঘাতে গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (৪৭) এবং সিপাহি (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫) আহত হন। ওই ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি শরীরের নানা অংশে চোট লাগে। আর সিপাহি রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভেঙে যায় এবং ডান হাত ও বাম পায়ের বিভিন্ন জায়গায় ক্ষতের সৃষ্টি হয়।
বর্তমানে আহত এই তিন বিজিবি সদস্যই পিলখানার ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।