রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের ফুটবল ম্যাচ ঘিরে সৃষ্ট বিরোধের জেরে সালিশি বৈঠকে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন—নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি মো. সাদ্দাম (৩৫) এবং সাধারণ সম্পাদক মো. আবুল বাসার বাদশা (৩০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুতর অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ জুন নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের ফুটবল খেলা দেখার পর ঢোল বাজানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের বিরোধ তৈরি হয়।
পরে ওই বিরোধের সমাধানের জন্য বুধবার রাতে নবোদয় বাজার এলাকায় একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, বৈঠক চলার সময় রিপন, নিরব, পারভেজ ও মাসুম নামে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে সেখানে হামলা চালান।
এতে হাবিবুর রহমানের পক্ষের সাদ্দাম ও বাদশা গুরুতর আহত হন।
স্থানীয়দের দাবি, হামলায় অভিযুক্তরা এলাকার কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।