দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির সূচনা করতে আগামীকাল সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সফরকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি ও নেতাকর্মীদের মধ্যে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে।
রোববার (১৫ মার্চ) সকালে নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামীকাল সকাল ৯টায় বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। সেখান থেকে তাকে বহনকারী বিশেষ বুলেটপ্রুফ বাসে করে সৈয়দপুর শহর অতিক্রম করে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
আব্দুর গফুর সরকার আরও বলেন, দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে সারাদেশে একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সময় তিনি ভার্চুয়াল মাধ্যমে দেশের ৫৩টি জেলায় পরিচালিত খাল খনন কার্যক্রমেরও উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে তারেক রহমান দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্থানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হক (চকলেট)সহ পরিবারের অন্যান্য নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন।
এদিকে তার আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় নেতারা জানিয়েছেন, সফরকে সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।