শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

আমি এমপি-মন্ত্রী নই, আপনাদের সেবক: পরিবেশ প্রতিমন্ত্রী

বাগেরহাটের রামপালে এক জনসভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, তিনি ক্ষমতার মোহে নয়, বরং সাধারণ মানুষের সেবা করতেই রাজনীতিতে এসেছেন।

আমি এমপি-মন্ত্রী নই, আপনাদের সেবক: পরিবেশ প্রতিমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

বাগেরহাটের রামপালে এক জনসভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, তিনি ক্ষমতার মোহে নয়, বরং সাধারণ মানুষের সেবা করতেই রাজনীতিতে এসেছেন।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টায় রামপাল উপজেলার পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক চক্ষু চিকিৎসা শিবিরের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. শেখ ফরিদুল ইসলাম আবেগঘন কণ্ঠে বলেন, এই অঞ্চলের মাটি ও মানুষের সঙ্গেই তাঁর নাড়ির টান। নিজের ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। প্রতিকূল পরিস্থিতিতেও এলাকা ছেড়ে যাননি উল্লেখ করে তিনি বলেন, "আমি আপনাদের সন্তান ও আত্মীয় হিসেবে সুখে-দুঃখে পাশে আছি। আমি নিজেকে কোনো বড় পদের অধিকারী মনে করি না, বরং আপনাদের আজীবনের সেবক হয়ে থাকতে চাই।"

জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিমন্ত্রী আরও বলেন, এলাকাবাসী তাকে সেবা করার যে সুযোগ করে দিয়েছেন, সেজন্য তিনি আজীবন ঋণী। এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন জানিয়ে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রামপাল ও মোংলা উপজেলার বিপুল সংখ্যক রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষ এই চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। মন্ত্রীর এমন জনমুখী অবস্থান ও মানবিক উদ্যোগ উপস্থিত সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।