বৃহস্পতিবার, 15 অক্টোবর 2026
সকল বিভাগ

আমিরাতে ড্রোন হামলায় নিহত সালেহকে মৌলভীবাজারে দাফন

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রবাসী সালেহ আহমদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

আমিরাতে ড্রোন হামলায় নিহত সালেহকে মৌলভীবাজারে দাফন
ছবিঃ সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রবাসী সালেহ আহমদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেল ৫টায় বড়লেখা পৌরসভার গাজিটেকা শাহী ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

এর আগে দুপুর ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সালেহ আহমদের মরদেহ এসে পৌঁছায়। সেখানে সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিজে উপস্থিত থেকে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করেন। বিকেল ৩টায় মরদেহ বড়লেখায় নিজ বাড়িতে নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী ভিড় জমান।

জানাজা অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী শোকাতপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন, সরকারি তৎপরতায় দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। নিহত সালেহ আহমদের পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। ইতোমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক সহায়তা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আরব আমিরাতের আজমান প্রদেশে ইফতারের পর জরুরি খাদ্য ও পানীয় সরবরাহের কাজে বের হয়েছিলেন সালেহ আহমদ। ওই সময় ইরান থেকে চালানো ড্রোন হামলার শিকার হন তিনি। আকাশে হঠাৎ উজ্জ্বল আগুনের গোলার মতো বস্তুর বিস্ফোরণে সালেহ আহমদ গুরুতর আহত হন। পুলিশ ও সিভিল ডিফেন্স তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘ ১১ বছর পর বড় কোনো ছুটিতে দেশে আসার কথা ছিল সালেহ আহমদের, কিন্তু তার আগেই এক আকস্মিক হামলায় প্রাণ হারালেন এই রেমিট্যান্স যোদ্ধা।