শুক্রবার, 16 অক্টোবর 2026
সকল বিভাগ

‎আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

আন্দামান সাগরে একটি যাত্রীবাহী ট্রলার ডুবিতে অন্তত ২৫০ জন যাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

‎আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
ছবি : সংগৃহীত

আন্দামান সাগরে একটি যাত্রীবাহী ট্রলার ডুবিতে অন্তত ২৫০ জন যাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজদের মধ্যে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি বাংলাদেশি নাগরিকরাও রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। মঙ্গলবার এই মর্মান্তিক নৌ দুর্ঘটনার প্রেক্ষিতে এক যৌথ বার্তার মাধ্যমে গভীর দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ট্রলারটি বাংলাদেশের দক্ষিণ সীমান্তবর্তী টেকনাফ উপকূল ব্যবহার করে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ার অভিমুখে রওনা হয়েছিল। পথিমধ্যে আন্দামান সাগরের জলসীমায় পৌঁছালে নৌযানটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়ে। সাগরের তীব্র বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, নৌযানটিতে অতিরিক্ত যাত্রী বহন করার ফলে এটি সাগরের প্রতিকূল পরিস্থিতিতে নিজের ভারসাম্য বজায় রাখতে ব্যর্থ হয় এবং একপর্যায়ে সাগরের অতল গহ্বরে তলিয়ে যায়। ট্রলারডুবির এই ঘটনায় নিখোঁজদের উদ্ধারে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং সমুদ্রসীমায় বড় ধরনের জানমালের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ওদিকে আইওএম ও ইউএনএইচসিআর এই ধরনের ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার গুরুত্বারোপ করেছে।