শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

তেজগাঁওয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ আনসার সদস্যদের বিরুদ্ধে

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে মারধরের অভিযোগ উঠেছে আনসার সদস্যদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর প্রায় আট ঘণ্টা পর ওই যুবকের মৃত্যু হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আনুমানিক ২৫ বছর বয়সি ওই যুবককে বিটিসিএল কার্যালয়ের ভেতরে আটক করা হয়। অভিযোগ রয়েছে, আটকের পর তাকে ব্যাপক মারধর করা হয়।

পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকাল সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিটিসিএলের কার্যালয়ের অফিস সহকারী মো. সাইফুল জানান, মঙ্গলবার সকালে তিনজন যুবক দেয়াল টপকে বিটিসিএল কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। তাদের উদ্দেশ্য চুরি করা ছিল বলে দাবি করেন তিনি।

“এ সময় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা টের পেয়ে তাদের ধাওয়া করেন। এতে দুজন পালিয়ে যেতে পারলেও একজন ধরা পড়ে। পরে তাকে আনসার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।”

সাইফুলের ভাষ্য অনুযায়ী, আনসার সদস্যদের মারধরের একপর্যায়ে ওই যুবক গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “আমরা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। খবর পেয়ে আমাদের অফিসার ঘটনাস্থলে গেছেন।”