ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের নতুন পদক্ষেপ হিসেবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।
মঙ্গলবার (২১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করা হয়। প্রতিরক্ষা দপ্তরের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে, ইন্দো-প্যাসিফিক কমান্ডের অধীনে গত রাতে ‘এম/টি টিফানি’ নামের একটি রাষ্ট্রহীন ও নিষেধাজ্ঞাভুক্ত জাহাজে অভিযান চালানো হয়। কোনো সংঘর্ষ ছাড়াই জাহাজটিতে তল্লাশি সম্পন্ন হয়েছে।
প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, একটি হেলিকপ্টার থেকে মার্কিন সেনারা কমলা রঙের বড় একটি জাহাজে নেমে অভিযান পরিচালনা করছেন। তবে ঠিক কোন স্থানে অভিযানটি চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ইন্দো-প্যাসিফিক কমান্ডের দায়িত্বাধীন এলাকা প্রশান্ত ও ভারত মহাসাগরের বিশাল অংশজুড়ে বিস্তৃত, যা পারস্য উপসাগর কিংবা হরমুজ প্রণালির বাইরে অবস্থিত। প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় নিষেধাজ্ঞার আওতাভুক্ত কোনো জাহাজকে নিরাপদে চলাচল করতে দেওয়া হবে না।
বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, জব্দ করা জাহাজটি ইরানের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানো না পর্যন্ত এই নৌ অবরোধ অব্যাহত থাকবে। একই সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদে তেহরান ও ওয়াশিংটনের সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এর আগে গত রোববার (১৯ এপ্রিল) ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজও জব্দ করে যুক্তরাষ্ট্র। সে সময় সতর্কতা অমান্য করায় জাহাজটির ইঞ্জিনরুম লক্ষ্য করে গুলি চালানো হলে সেটি অচল হয়ে পড়ে।