নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যা এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকার হাসান কলোনী মহল্লায় এ সংঘর্ষ ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম–পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে শ্রীপুরের হাসান কলোনী এলাকায় জাহাঙ্গীর গ্রুপ ও জহির গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিএনপির একটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর গফুর বলেন, “আমি এ বিষয়ে কিছু জানি না। আমি আশুলিয়ার ভাদাইল এলাকায় বিএনপির প্রার্থীর প্রচারণায় রয়েছি।” প্রচারণা শেষে বিস্তারিত জানাতে পারবেন বলেও তিনি জানান।
এদিকে ঘটনার বিষয়ে আশুলিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) আজগর হোসেন ঢাকা পোস্টকে জানান, ব্যানার টাঙানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিনি বলেন, এতে প্রাথমিকভাবে আহতের খবর পাওয়া গেছে। তবে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে গেলেও সেখানে কাউকে পাওয়া যায়নি।