নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছর বয়সী এক কিশোরকে বলাৎকারের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন দুলাল (৫৩) নামের এক ফার্মেসি মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়। এর আগে রোববার রাতে উপজেলার জালশুকা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুলাল জালশুকা গ্রামের মৃত কাশেম মাস্টারের ছেলে। তাঁর বাড়ির পাশেই ‘মা ফার্মেসি’ নামে একটি ওষুধের দোকান রয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই দোকানে কর্মচারী হিসেবে কাজ করত ভুক্তভোগী কিশোর।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে কাজ শেষে দুলালের বাড়িতে যায় কিশোরটি। দুলালের স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকায় ওই সময় বাড়িতে তাঁরা দুজনই ছিলেন। রাতের খাবার খেয়ে কিশোরটি একটি কক্ষে ঘুমাতে যায়। পরে দুলাল তাকে নিজের কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর কিশোরটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্থানীয় লোকজন দুলালের বাড়ি ঘেরাও করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শ্যামগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুলালকে গ্রেপ্তার করে।
এদিকে, কিশোরটিকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
এ ঘটনায় সোমবার সকালে কিশোরটির বাবা বাদী হয়ে দুলালের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিশোরটির বাবার করা মামলায় দুলালকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।