আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নাশকতার আশঙ্কার মধ্যে বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে ৬টি ককটেল।
মঙ্গলবার (১০ জানুয়ারি) গভীর রাতে শহরের হাড়িখালী কাঠেরপোল এলাকার একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে এসব বিস্ফোরকসদৃশ বস্তু জব্দ করা হয়।
যৌথ বাহিনীর সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে দুষ্কৃতকারীরা গোপনে বিস্ফোরক মজুত করছে—এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে হাড়িখালী (কাঠেরপোল) সুইচগেট এলাকার একটি পরিত্যক্ত ভবনের পাশের মাটি খুঁড়ে প্লাস্টিকের বালতির ভেতর থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারের পরপরই ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্বাচনের আগের দিন বা নির্বাচনের দিন নাশকতার উদ্দেশ্যে এসব ককটেল মজুত করা হয়েছিল। উদ্ধারকৃত ককটেল নিষ্ক্রিয় করতে র্যাবের বোম্ব ডিসপোজাল (বিডি) টিমকে খবর দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”