রাজধানীর বারিধারায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ‘জে’ ব্লকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম বলেন, “৫টা ৫৭ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”
বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগার সময় বাসে কোনো যাত্রী ছিলেন কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।
ভাটারা থানার ডিউটি অফিসার জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং বাসটি সরিয়ে নেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক ও সহকারীকে থানায় নেওয়া হয়েছে।