রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগ এলাকায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম সাইফ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৭ বছর বয়সী ছোট ভাইকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিবাগের ১৮৭ নম্বর ২৪ তলা ভবনের নবম তলায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনেরা জানান, সাইফ সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। উচ্চশিক্ষার জন্য তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রক্রিয়া চলছিল। পাশাপাশি তিনি পাইলট হওয়ার প্রশিক্ষণও নিচ্ছিলেন।
নিহতের বাবা সিরাজুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি ভবনের ছাদে ছিলেন। বাসায় তাঁর দুই ছেলে ও স্ত্রী ছিলেন। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র ঝগড়া ও মারামারি শুরু হয়। কথাকাটাকাটির একপর্যায়ে ছোট ছেলে ছুরি দিয়ে বড় ছেলে সাইফের গলার নিচে আঘাত করে।
সিরাজুল ইসলাম বলেন, “রক্তাক্ত অবস্থায় আমরা সাইফকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।”
তবে দুই ভাইয়ের মধ্যে কী নিয়ে ঝগড়া ও মারামারি হয়েছিল, তা জানাতে পারেননি বাবা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকেও জানানো হয়েছে।