বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026
সকল বিভাগ

গোপালগঞ্জে রাজনৈতিক স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

গোপালগঞ্জ সরকারি জিলা স্কুলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়ার ঘটনায় অষ্টম, নবম ও দশম শ্রেণির নয় শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউল হক।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর দুপুরে টিফিনের পর শ্রেণিকক্ষের সামনের বারান্দায় কয়েকজন শিক্ষার্থী ওই স্লোগান দেয়। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

পরদিন ৭ অক্টোবর বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে। বুধবার প্রধান শিক্ষকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। এরপর নয় শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।

তদন্ত কমিটির প্রধান সহকারী শিক্ষক ইকবাল হোসেন বলেন, বিদ্যালয়ে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনা তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। বুধবার প্রধান শিক্ষকের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতেই শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক মো. জিয়াউল হক বলেন, ৬ অক্টোবর বিদ্যালয়ে নিষিদ্ধ দলের পক্ষে কয়েকজন শিক্ষার্থী স্লোগান দিয়েছিল। ঘটনার সময় তিনি নামাজে ছিলেন। পরে অন্য শিক্ষকদের কাছ থেকে বিষয়টি জানতে পারেন। এ বিষয়ে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও তাঁকে ফোন করা হয়েছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।