রাজধানীর উত্তরায় দ্রুতগতির কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে জসীমউদ্দীন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ৫৫ বছর বয়সী ফালু মিয়া এবং ৪০ বছর বয়সী আরিফুর রহমান। দুর্ঘটনাস্থলেই ফালু মিয়ার মৃত্যু হয়। আর দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরিফুর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আরিফুর পাবনার বেড়া উপজেলার বেতবাড়িয়া গ্রামের আউয়াল মোল্লার ছেলে। দুই ছেলে ও এক মেয়ের বাবা আরিফুর ডেমরার কোনাপাড়া এলাকায় বসবাস করতেন। ফালু মিয়ার বিষয়ে বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আরিফুরের চাচাতো ভাই মনির জানান, আরিফুর পোস্তগোলার একটি পুরোনো লোহা কেনাবেচার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার সকালে আরিফুর ও ফালু মিয়া একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। তাঁরা উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই ছিটকে পড়ে যান।
মনিরের ভাষ্য, স্থানীয়রা ফালু মিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আরিফুরকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মানিক মাহমুদ জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কভার্ড ভ্যানসহ চালককে আটক করে বিমানবন্দর থানায় নেওয়া হয়েছে।