বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026
সকল বিভাগ

পোশাকশ্রমিকদের আন্দোলনে এখন প্রকৃত শ্রমিকরা নেই: রিজভী

পোশাকশ্রমিকদের আন্দোলনে এখন আর প্রকৃত শ্রমিকেরা অংশ নিচ্ছেন না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

পোশাকশ্রমিকদের আন্দোলনে এখন প্রকৃত শ্রমিকরা নেই: রিজভী
ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের আন্দোলনে এখন আর প্রকৃত শ্রমিকেরা অংশ নিচ্ছেন না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, শেখ হাসিনার রেখে যাওয়া সন্ত্রাসীরা বিভিন্ন কারখানায় আগুন দিচ্ছে, গার্মেন্টস বন্ধ করছে এবং মানুষ হত্যা করছে। এসব কর্মকাণ্ডে পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি ও মদদ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর আলমাস সিনেমা হল মোড়ে মহানগর বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রার আগে এক গণজমায়েতে বক্তব্য দেন রিজভী।

তিনি বলেন, “দেশ যখন ভালো চলছে; তারেক রহমানের নেতৃত্বে উৎপাদন উন্নয়নের দিকে যাচ্ছে তখন গার্মেন্টসে আন্দোলন করছে কারা? কারা পুলিশের গাড়িতে আগুন দিচ্ছে? কারা পুলিশ বক্সে আগুন দিচ্ছে? কারা আন্দোলনকারীদের ছবি তুলতে গিয়ে পিটিয়ে মেরেছে তৌফিককে?

“শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে সরকার কথা বলবে, কথা বলেছে। তাদের ওয়েজ বোর্ডের ব্যাপারে আশ্বাস দিয়েছে। মূল শ্রমিকরা আর আন্দোলনে নেই। এখন কারা? ওই যে, যারা পলাতক। যারা পার্শ্ববর্তী দেশে গেছে। মানুষ বলে, শেখ হাসিনা তার শশুরবাড়িতে গেছে। ওইখানে তাকে বাতাস দেওয়া হচ্ছে। তালপাতার পাখায় বাতাস দেওয়া হচ্ছে। সেই বাতাসে সে বাংলাদেশে তার রেখে যাওয়া গুণ্ডা পাণ্ডা সন্ত্রাসীরা আজকে গার্মেন্টসে আগুন দিচ্ছে। গার্মেন্টস বন্ধ করছে এবং মানুষ হত্যা করছে।”

রিজভীর অভিযোগ, আন্দোলনের নামে উসকানি দিয়ে এবং সন্ত্রাসীদের পাঠিয়ে পরিস্থিতি ভয়াবহ করার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, “আন্দোলনের নামে উসকানি দিয়ে, গুণ্ডাপাণ্ডা পাঠিয়ে, এটাকে তারা চেয়েছিল ভয়ঙ্কর রূপ দিতে। আপনারা দেখেছেন, যারা গ্রেপ্তার তারা সবাই যুবলীগ ছাত্রলীগের নেতা। এর মদদ আসছে পার্শ্ববর্তী দেশ থেকে। তারা এ দেশকে শান্তিময়, স্থিতিশীল করতে চায় না। তাদের সেই লুটের শাসন, দুর্বৃত্তায়নের শাসন, বাংলাদেশে ব্যাংকের টাকা লুট করা, টাকা পাচার করা এটাই তো আমরা দেখেছি। সেই টাকার মজা পাওয়ার জন্য আবারও শেখ হাসিনা চেষ্টা করছেন, সন্ত্রাস করে উসকানি দিয়ে। এইটা আর হওয়া সম্ভব নয়। দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ।”

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। সঞ্চালনা করেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

এতে আরও বক্তব্য দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন এবং নগর বিএনপির নেতা আবুল হাশেম বক্কর।