মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত ভিডিও ফুটেজে দূরবর্তী লক্ষ্যবস্তুতে ধারাবাহিক রকেট বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে।
সংস্থাটির দাবি, আইআরজিসির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ঈসা এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটির একটি কমান্ড ও স্টাফ ভবন ধ্বংস হয়েছে। পাশাপাশি জ্বালানির ট্যাংকেও বিস্ফোরণ ঘটেছে বলে তারা জানিয়েছে।
তবে এ ঘটনার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।
এর আগে বাহরাইনে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি নৌঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।
এদিকে পরিস্থিতি বিবেচনায় মার্কিন পররাষ্ট্র দফতর বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের আরও এক ডজন দেশ থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
সূত্র: বিবিসি