হ্যান্ডমাইক কাঁধে, পুরোনো সাইকেলে প্যাডেল চালিয়ে গ্রাম থেকে হাট-বাজার—এভাবেই ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন স্কুলশিক্ষক আজিজার রহমান (বিএসসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢেঁকি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে গাইবান্ধা-৩ আসনে হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজিজার রহমান গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসন থেকে নির্বাচনে লড়ছেন। তিনি সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস গ্রামের বাসিন্দা এবং মৃত রজ্জব মন্ডলের ছেলে। পেশায় তিনি দড়ি জামালপুর রোকেয়া সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
খোঁজ নিয়ে জানা গেছে, আজিজারের কাছে মোটরসাইকেল বা কোনো ভারী যানবাহন নেই। তবে নিজের একটি পুরোনো বাইসাইকেল রয়েছে। নির্বাচনি প্রচারণার জন্য তিনি কিনেছেন একটি হ্যান্ডমাইক। প্রতিদিন সেটি কাঁধে বেঁধে সাইকেল চালিয়ে এলাকায় জনসংযোগে বের হন। তিনি জানান, এরই মধ্যে বিভিন্ন হাট-বাজার ও গ্রাম-গঞ্জে শতাধিক পথসভা করেছেন।
স্থানীয়দের ভাষ্য, শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়—এর আগেও উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে পরাজিত হন আজিজার রহমান। নির্বাচনি প্রচারে কোনো কর্মীবাহিনী না থাকায় তিনি একাই পথসভা করছেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
আজিজার রহমান বলেন, "নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি সাধারণ মানুষের মাঝে আমার ব্যাপক সাড়া উঠেছে। আমি নির্বাচিত হলে এলাকার মানুষদের সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজ করে যাব।"
উল্লেখ্য, গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ১৪৫টি ভোটকেন্দ্রের ৯৫২টি কক্ষে মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯০২, নারী ২ লাখ ৫৭ হাজার ২৭৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন।