বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

বাংলাদেশ-আলজেরিয়ার যৌথ অগ্রযাত্রা ত্বরান্বিত হবে : স্পিকার

বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সংসদীয় মৈত্রী আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার।

বাংলাদেশ-আলজেরিয়ার যৌথ অগ্রযাত্রা ত্বরান্বিত হবে : স্পিকার
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সংসদীয় মৈত্রী আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার। তিনি আশা প্রকাশ করেছেন, দুই দেশের এই যৌথ অগ্রযাত্রা আগামী দিনে আরও ত্বরান্বিত হবে।

রোববার (৩ মে) আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি স্পিকারের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে স্পিকার বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বিগত ১৬ বছরের দুঃশাসনের অবসান ঘটিয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লব এবং সর্বশেষ অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এ দেশের মানুষ তাদের হারানো ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করেছে। এ সময় তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অপরিসীম ত্যাগ ও অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন।

আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি বাংলাদেশে অনুষ্ঠিত সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের ভূয়সী প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে ক্রীড়া, কারিগরি সহায়তা, জাহাজ নির্মাণ শিল্প, তৈরি পোশাক রপ্তানি, শিক্ষা এবং বিশেষ করে জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।

স্পিকার দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের মধ্যে নিয়মিত সফর বিনিময় এবং শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে আলজেরিয়া দূতাবাসের প্রতিনিধিদল এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ আলোচনার মধ্য দিয়ে দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।