দেশের আইনজীবী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৯ মে ২০২৬ তারিখে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার (৪ এপ্রিল) বার কাউন্সিল ভবন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বসম্মতিক্রমে গৃহীত এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বার কাউন্সিলের চেয়ারম্যান ও বর্তমান অ্যাটর্নি জেনারেল সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হয়। সভায় কাউন্সিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির প্রধান ও সদস্যরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে অংশ নেন ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ.এস.এম. বখতিয়ার আনোয়ার, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট আবদুল আল মামুন, রিলিফ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম এবং রোল ও পাবলিকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাহফুজ আহসানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে নির্বাচনের এই তারিখ চূড়ান্ত করা হয়েছে। নির্ধারিত সময়ে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে বলেও বার কাউন্সিলের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কাউন্সিলের সচিব ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদার।
উল্লেখ্য যে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে প্রতিষ্ঠানটিতে কোনো নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এতদিন অ্যাডহক কমিটির মাধ্যমেই বার কাউন্সিলের যাবতীয় প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। দীর্ঘ বিরতির পর এই নির্বাচনের ঘোষণায় আইনজীবী অঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে।