ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর মিম (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির পাশের একটি পুকুরপাড়ের ঝোপঝাড় থেকে আজ সোমবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিম উপজেলার বিদ্যাকুট বড়বাড়ি এলাকার মিজান মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে মিমের কোনো সন্ধান পাচ্ছিল না পরিবার। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় শিশুটির নানা ফিরুজ মিয়া নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সোমবার বিকেলে বিদ্যাকুট বড়বাড়ির পুকুরপাড়ের ঝোপঝাড়ে মিমের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তবে শিশুটির কীভাবে মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মিমকে খুঁজে না পেয়ে দুই দিন আগে তার নানা থানায় জিডি করেছিলেন। সোমবার বিকেলে পুকুরপাড়ের ঝোপঝাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও তদন্তের পর শিশুটির মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।