সোমবার, 21 সেপ্টেম্বর 2026
সকল বিভাগ

২ নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ, মমলার প্রধান আসামি গ্রেপ্তার

এসআরবি জানায়, গত ৮ সেপ্টেম্বর মুজাহিদ ‘রাকিব’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে কুমিল্লার চান্দিনার একটি নৃত্যশিল্পী দলের সঙ্গে যোগাযোগ করেন। দুই দিন পর ১০ সেপ্টেম্বর ওই দলের দুই নারী ও এক পুরুষ সদস্য একটি বিয়েতে নাচের অনুষ্ঠানে অংশ নিতে সরাইলের কুট্টাপাড়া বিশ্বরোড এলাকায় আসেন।

২ নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ, মমলার প্রধান আসামি গ্রেপ্তার
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই নৃত্যশিল্পীকে নৌকায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মুজাহিদকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে সিলেটের বিয়ানীবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি-৯ সিলেটের অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী।

গ্রেপ্তার মুজাহিদের বয়স ১৮ বছর। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বুড্ডা এলাকার বাসিন্দা।

এসআরবি জানায়, গত ৮ সেপ্টেম্বর মুজাহিদ ‘রাকিব’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে কুমিল্লার চান্দিনার একটি নৃত্যশিল্পী দলের সঙ্গে যোগাযোগ করেন। দুই দিন পর ১০ সেপ্টেম্বর ওই দলের দুই নারী ও এক পুরুষ সদস্য একটি বিয়েতে নাচের অনুষ্ঠানে অংশ নিতে সরাইলের কুট্টাপাড়া বিশ্বরোড এলাকায় আসেন।

সেখান থেকে মুজাহিদসহ দুই যুবক তাদের অটোরিকশায় করে শাহবাজপুর সেতু এলাকায় নিয়ে যান। পরে সেখান থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে তাঁদের তিতাস নদীর মাঝামাঝি একটি স্থানে নেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, নদীর মাঝখানে নৌকার ইঞ্জিন বন্ধ করে দুই নারী নৃত্যশিল্পীকে ধর্ষণ করা হয়। পরে তাঁদের নাসিরনগরের গোকর্ণঘাট এলাকায় নামিয়ে দেওয়া হয়। ঘটনার পর ভুক্তভোগীরা থানায় গিয়ে মামলা করেন।

এসআরবি-৯ সিলেটের অধিনায়ক তাজমিনুর রহমান চৌধুরী বলেন, এ মামলার আরেক আসামি সাত্য বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্য থেকে মুজাহিদের পরিচয় ও অবস্থান সম্পর্কে জানতে পারে এসআরবি।

পরে এক ডেকোরেটর ব্যবসায়ীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মুজাহিদের অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। একপর্যায়ে তিনি বিয়ানীবাজারে তাঁর নানার বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানতে পারে এসআরবি। এরপর সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি কর্মকর্তার ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুজাহিদ একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে নৃত্যশিল্পীদের সঙ্গে যোগাযোগ এবং অনুষ্ঠানে নেওয়ার জন্য চুক্তি করার কথা জানিয়েছেন। তাঁদের নেওয়ার জন্য বিকাশে দুই হাজার টাকা অগ্রিম দেওয়ার তথ্যও পাওয়া গেছে।

তাজমিনুর রহমান চৌধুরী জানান, এ ঘটনায় মুজাহিদের আরও পাঁচ সহযোগীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।