সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ এখন লাল-সবুজের মনোমুগ্ধকর আভায় উদ্ভাসিত। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে স্মৃতির মিনার। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে তিন বাহিনীর কুচকাওয়াজ ও মহড়া চলছে। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে স্মৃতিসৌধ প্রাঙ্গণকে ধুয়ে-মুছে ও রং-তুলির আঁচড়ে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। আগামীকাল বুধবার ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের ঢল নামবে এই প্রাঙ্গণে।
সরেজমিনে দেখা গেছে, স্মৃতিসৌধের প্রবেশদ্বার থেকে শুরু করে মূল মিনারের পাদদেশ পর্যন্ত প্রতিটি স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। লাল ও সাদা রঙের আল্পনায় পুরো এলাকা পেয়েছে এক স্নিগ্ধ রূপ। প্রাঙ্গণের লেক ও পানির ফোয়ারাগুলো সংস্কারের পাশাপাশি চারপাশের ঘাস ও আগাছা ছেঁটে সৌন্দর্য বাড়ানো হয়েছে। বিভিন্ন জাতের রঙিন ফুলের চারা দিয়ে সাজানো হয়েছে সৌধের চারপাশ।
স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনে নিয়োজিত পরিচ্ছন্নকর্মী সাইদুর রহমান জানান, দিবসটি উপলক্ষে ডালিয়া, বিটনী ও সেলভিসহ নানা প্রজাতির বাহারি ফুল গাছ দিয়ে বাগানগুলো সাজানো হয়েছে। অপর এক কর্মী আবুল কামাল বলেন, গত প্রায় দেড় মাস ধরে তারা অক্লান্ত পরিশ্রম করে পুরো চত্বর ঝাড়ু দেওয়া, লেক পরিষ্কার এবং আগাছা দমনের কাজ শেষ করেছেন।
সাভার জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু জানান, স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিদেশি কূটনীতিকসহ লাখো মানুষের সমাগম ঘটবে। সেই গুরুত্ব বিবেচনা করে রং-তুলির কাজ, আলোকসজ্জা, লেক সংস্কার ও ফুল গাছ রোপণের কাজ সম্পন্ন করা হয়েছে। বীর শহীদদের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা জানানোর জন্য জাতীয় স্মৃতিসৌধ এখন পুরোপুরি প্রস্তুত।