শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

বেঞ্চে পা তুলে পরীক্ষা দিলো এসএসসি পরীক্ষার্থীরা

অবিরাম ভারী বর্ষণে কুমিল্লা নগরীর বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। শহরের বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চলে কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান পানি জমে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

বেঞ্চে পা তুলে পরীক্ষা দিলো এসএসসি পরীক্ষার্থীরা
জলাবদ্ধতায় পরীক্ষার হলে বসার বেঞ্চে পা তুলে লিখেছে এসএসসি পরীক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

অবিরাম ভারী বর্ষণে কুমিল্লা নগরীর বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। শহরের বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চলে কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান পানি জমে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা বৃষ্টিতে নগরীর আদালত সড়ক, লাকসাম সড়ক, সালাউদ্দিন মোড়, মনোহরপুর, রেইসকোর্স ও ঈদগাহ সড়কসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়ে। অনেক দোকান ও বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ে। কৃষি বিভাগও জানিয়েছে, টানা বর্ষণে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। পরীক্ষাকেন্দ্রগুলোতে পানি প্রবেশ করায় অনেক শিক্ষার্থীকে বেঞ্চে পা তুলে বসে পরীক্ষা দিতে হয়েছে। কোথাও কোথাও শিক্ষকরা চেয়ারে পা তুলে বসে দায়িত্ব পালন করেন। ঝড় ও বৃষ্টির সময় বিদ্যুৎ চলে যাওয়ায় কিছু কেন্দ্রে মোমবাতি ও চার্জলাইটের আলোয় পরীক্ষা নিতে হয়। আবার কয়েকটি কেন্দ্রে পানি জমে যাওয়ায় দাঁড়িয়ে থেকেই দীর্ঘ সময় পরীক্ষা দিতে বাধ্য হন শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে অনেককে হাঁটু ও কোমরসমান পানি পেরিয়ে কেন্দ্র ত্যাগ করতে দেখা যায়।

ঈশ্বরপাঠশালা স্কুল কেন্দ্রের এক অভিভাবক বলেন, “পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট পরেই বিদ্যুৎ চলে যায়। এরপর মোমবাতি ও চার্জার লাইট দিয়ে ভেতরে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রে পানি প্রবেশ করে। স্কুলের পুরাতন ভবনে যে সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে তাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে লিখতে হয়েছে।”

জলাবদ্ধতার কারণে ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। মগবাড়ি এলাকার ব্যবসায়ী আবদুস সালাম বলেন, “বৃষ্টিতে দোকানে পানি ঢুকে সব ভিজে গেছে। সিটি কর্তৃপক্ষের উচিৎ দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এবং ভবিষ্যতে যেন বৃষ্টির পানি জমে জনদুর্ভোগ তৈরি না হয় সে উদ্যোগ গ্রহণ করে তা বাস্তবায়ন করা।”

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে। প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর নির্দেশে ড্রেন ও খালের মুখ পরিষ্কার করছেন কর্মীরা। তবে বিকেল পর্যন্ত শহরের নিম্নাঞ্চলের অনেক জায়গায় পানি জমে থাকতে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও কয়েকদিন এ ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানিয়েছেন, নগরীর পানি নিষ্কাশনের প্রধান ড্রেন ও খালগুলো দ্রুত পরিষ্কার করা হচ্ছে। এতে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।