উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে। প্রথম কার্যদিবসেই প্রধানমন্ত্রী তারেক রহমান দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করেন। দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ে গঠিত কমিটির পর্যালোচনা সভায় তিনি সভাপতিত্ব করেন। সভা শেষে প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের বিদেশযাত্রায় আর্থিক বাধা দূর করতে প্রধানমন্ত্রী এই ব্যাংক গ্যারান্টি বা ঋণ সুবিধার বিশেষ উদ্যোগ নিয়েছেন।
বৈঠকে বিদেশের শ্রমবাজার নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, ইউরোপের দেশগুলোতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি মালয়েশিয়াসহ বর্তমানে বন্ধ থাকা শ্রমবাজারগুলো পুনরায় চালু করার বিষয়ে সরকারি পর্যায়ে জোরালো আলোচনা চলছে। বিশেষ করে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙে স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
দিনের শুরুতেই সকাল ৯টায় প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেন। প্রথম কার্যদিবসের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সৌজন্য সাক্ষাতে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন।