সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

বিদ্যুৎস্পৃষ্টে রংমিস্ত্রির মৃত্যু

রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক ব্রিজ এলাকায় একটি ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বিদ্যুৎস্পৃষ্টে রংমিস্ত্রির মৃত্যু
ছবিঃ সংগৃহীত

রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক ব্রিজ এলাকায় একটি ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর হলেও এখন পর্যন্ত তাঁর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বিকেলে শেখেরটেক ব্রিজের পাশে একটি চারতলা ভবনের বাইরের অংশে রঙের কাজ করছিলেন ওই ব্যক্তি। কাজ করার একপর্যায়ে তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ভবন থেকে সরাসরি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার শিকার ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা সোহাগ নামের এক ব্যক্তি জানান, ভবনের বাইরের দিকে ঝুলন্ত অবস্থায় কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।