সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

কক্সবাজারে বিলাসবহুল ফ্ল্যাটে মাদকের ব্যবসা, ৩ লাখ ইয়াবাসহ তিনজন আটক

কক্সবাজার শহরের একটি সুরক্ষিত ভবনের বিলাসবহুল ফ্ল্যাটে অভিযান চালিয়ে তিন লাখ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

কক্সবাজারে বিলাসবহুল ফ্ল্যাটে মাদকের ব্যবসা, ৩ লাখ ইয়াবাসহ তিনজন আটক

কক্সবাজার শহরের একটি সুরক্ষিত ভবনের বিলাসবহুল ফ্ল্যাটে অভিযান চালিয়ে তিন লাখ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

রোববার দিবাগত রাত তিনটার দিকে শহরের শহীদ সরণি সড়কের কোরাল রিফের নবনির্মিত ‘পূর্বিতা’ ভবনের একটি ফ্ল্যাটে এ অভিযান চালানো হয়। গুরুত্বপূর্ণ এই সড়কে জেলা পুলিশ সুপারের কার্যালয়, প্রেসক্লাব, জেলা জজ আদালত ও জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন শরীয়তপুরের মো. আরমান (২৭), পিরোজপুরের মো. শামীম (৩০) এবং ভোলার মোহাম্মদ রাকিব (২৫)।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখানে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা তিন লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, ওই ফ্ল্যাট থেকে ব্যক্তিগত গাড়িতে করে ইয়াবার বড় চালান ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, নারায়ণগঞ্জের রাহাত নামের এক ব্যক্তি ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন। ঢাকায় পাচারের উদ্দেশ্যে সেখানে বিপুল পরিমাণ ইয়াবা মজুত রাখা হতো। এর আগে ওই ফ্ল্যাট থেকে ২০ লাখ ইয়াবার একটি চালান সরবরাহ করা হয়েছিল বলেও তাঁরা জানিয়েছেন।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রাহাতসহ চক্রের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।