প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার এক দিনের সংক্ষিপ্ত সফরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে গিয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার সকালে প্রথমে রংপুর যাবেন প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকে রাজশাহী ও চট্টগ্রামে যাবেন তিনি। সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে এ সফর শুরু করবেন।
আতিকুর রহমান রুমন বলেন, “এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয়া দুর্গাপূজার পূজামণ্ডপ দেখতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে পূজারিদের শুভেচ্ছা জানাবেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন।”
চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী রাতেই ঢাকায় ফিরবেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।
এর আগে রোববার রাতে রাজধানীর মহাখালী ও বনানীর দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান।
মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী। পরদিন বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের এই বড় ধর্মীয় উৎসব।