রবিবার, 8 নভেম্বর 2026
সকল বিভাগ

বিকেলে ছাত্রলীগের কমিটি ঘোষণা, রাতে স্থগিত

ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) নতুন কমিটি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মাথায় স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই কমিটি অনুমোদন দেওয়া হলেও একই দিন রাতে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা স্থগিত করা হয়।

বিকেলে ছাত্রলীগের কমিটি ঘোষণা, রাতে স্থগিত
ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) নতুন কমিটি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মাথায় স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই কমিটি অনুমোদন দেওয়া হলেও একই দিন রাতে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা স্থগিত করা হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রবিন মোল্যা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মুরাদ বিশ্বাসের সই করা এক বিজ্ঞপ্তিতে মনিরুজ্জামান মন্নু খাঁনকে সভাপতি, খাঁন আশিকুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মো. সাকিব শেখকে সাংগঠনিক সম্পাদক করে এক বছরের জন্য কামালদিয়া ইউনিয়ন শাখার এই আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সেখানে উল্লেখ করা হয়।

তবে নাটকীয়ভাবে ওই রাতেই ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ স্বাক্ষরিত অন্য একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত এই কমিটি স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। জেলা শাখার বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ এপ্রিল ঘোষিত কামালদিয়া ইউনিয়ন ছাত্রলীগের ওই কমিটি স্থগিত করা হলো।

এ বিষয়ে মধুখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনজামামুল আলম অনিক বিস্ময় প্রকাশ করে জানান, তিনি এখনো সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। অথচ অন্য একজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেখিয়ে এই কমিটি গঠন করা হয়েছে, যা সম্পূর্ণ সংগঠন পরিপন্থি। আকস্মিকভাবে এই কমিটি গঠন এবং পুনরায় স্থগিত করার কারণ সম্পর্কে তার কাছে স্পষ্ট কোনো তথ্য নেই।

কমিটি স্থগিতের বিষয়ে বিস্তারিত জানতে জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। এমনকি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও তার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।