হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সাইদুল ইসলাম (৩১) নামে এক আন্তর্জাতিক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার বিমানবন্দরের ভেতর থেকে তাকে আটকের সময় তার কাছ থেকে ৪ হাজার ৩৬৪ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটক সাইদুল দোহারের মধুরচর এলাকার আব্দুল রশিদ মোল্লার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) বিভাগের একটি রেইডিং টিম বিমানবন্দরের দ্বিতীয় তলার বোর্ডিং ব্রিজে অবস্থান নেয়। সাইদুলের ঢাকা থেকে রিয়াদগামী বিএস-৩৮১ ফ্লাইটে যাওয়ার কথা ছিল। তিনি যখন ৫ নম্বর স্ক্যানিং মেশিন অতিক্রম করছিলেন, তখন কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করেন এবং আটক করেন।
পরবর্তীতে সাইদুলের দেহ ও কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে রাখা ইয়াবাগুলোর সন্ধান পাওয়া যায়। মাদকগুলো কার্বন পেপার এবং স্কচটেপ দিয়ে মোড়ানো পলিথিন প্যাকেটে ব্যাগের ভেতরে অত্যন্ত চতুরতার সাথে লুকিয়ে রাখা হয়েছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাইদুল জানান, সালাউদ্দিন নামে এক ব্যক্তি তাকে এই ইয়াবার প্যাকেটটি সরবরাহ করেছিলেন। এগুলো সৌদি আরবে অবস্থানরত তার বড় ভাই নুরুল আমীনের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। তিনি আরও স্বীকার করেন যে, দীর্ঘ দিন ধরে তিনি বাংলাদেশ থেকে ইয়াবা সৌদি আরবে পাচার করে আসছেন এবং বিনিময়ে সেখান থেকে স্বর্ণ চোরাচালান করে দেশে নিয়ে আসেন।
এই ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শিবনাথ কুমার সাহা বাদী হয়ে বিমানবন্দর থানায় সাইদুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।