বগুড়া বিমানবন্দর সচল করার পাশাপাশি সেখানে একটি আধুনিক ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, বগুড়ায় ফ্লাইং একাডেমি স্থাপনের সম্ভাব্যতা যাচাই করতে আগামী ৭ মে একটি বিশেষ প্রতিনিধি দল সেখানে সফর করবে। দ্রুততম সময়ের মধ্যে এই একাডেমি চালুর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। শুধু বগুড়া নয়, নীলফামারীতে থাকা ছোট একাডেমিটিকেও আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে পাইলট তৈরি করা বেশ ব্যয়বহুল এবং আগে এই পেশায় নির্দিষ্ট কিছু মানুষের আধিপত্য ছিল। সরকার এখন সাধারণ শিক্ষার্থীদের জন্য এই খাতকে উন্মুক্ত করতে চায়, যাতে তারা দেশে ও বিদেশে কাজ করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে।
সম্মেলনে জেলা প্রশাসকদের সাথে পর্যটন ও বিমানবন্দর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের অব্যবহৃত বিমানবন্দরগুলো সংস্কার করে অভ্যন্তরীণ রুট হিসেবে চালু করা হবে। এই তালিকায় বগুড়া, ঠাকুরগাঁও, নীলফামারী ও সৈয়দপুরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া আগামী ৩-৪ মাসের মধ্যে কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পুরোদমে চালু এবং ১৬ ডিসেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিমানের বহর শক্তিশালী করার বিষয়ে এম রশিদুজ্জামান মিল্লাত জানান, ইতিমধ্যে ১৪টি নতুন বোয়িং বিমান ক্রয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং আরও কিছু বিমান লিজ নেওয়ার প্রক্রিয়া চলছে। পর্যটন নিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি জেলার পর্যটন কেন্দ্রগুলোকে আকর্ষণীয় করতে প্রয়োজনে বিদেশি বিনিয়োগ বা পিপিপি মডেল অনুসরণ করা হবে। ভোলার মনপুরা দ্বীপকে একটি উন্নত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ব্যাপারেও স্থানীয় প্রশাসনের সাথে কাজ করার আশ্বাস দেন তিনি। জেলা প্রশাসকদের নিজ নিজ এলাকার পর্যটন খাতের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে এই অধিবেশনে।