লক্ষ্মীপুরের রায়পুরে কুখ্যাত মাদক কারবারি দেলোয়ার হোসেন ওরফে মাইকেল এবং তার এক সহযোগীকে পুনরায় গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামে এক ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৭১০ পিস ইয়াবাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন রায়পুর পৌরসভার দেনায়েতপুর গ্রামের কিরন হোসেন এবং বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের আবুল কালামের ছেলে দেলোয়ার হোসেন মাইকেল। এদের মধ্যে মাইকেল এলাকায় ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থেকে মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে আসছিলেন।
লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, মাইকেল অত্যন্ত ধূর্ত প্রকৃতির মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগে অন্তত ৩০টি মাদক মামলা রয়েছে। অসংখ্যবার গ্রেফতার হয়ে কারাগারে গেলেও জামিনে বেরিয়ে এসে পুনরায় একই অপকর্মে লিপ্ত হতেন তিনি। মঙ্গলবার রাতের অভিযানে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের দেহ তল্লাশি করে বিপুল পরিমাণ এই ইয়াবা উদ্ধার করা হয়।
এই ঘটনায় ডিবির উপ-পরিদর্শক সানোয়ার হোসেন বাদী হয়ে রায়পুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।