বিরোধী রাজনৈতিক দলের তরুণ নেতাদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তাদের কথাবার্তা ও আচরণ দেখে তারা মাদকাসক্ত কিনা—এমন সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
শনিবার (২৩ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘মাদকমুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন আলাল। অনুষ্ঠানের আয়োজন করে ‘অপরাজেয় বাংলাদেশ’।
আলোচনায় বিএনপির এই নেতা বলেন, ‘মতপার্থক্য গণতন্ত্রের সৌন্দর্য এবং বিএনপি সমালোচনাকে সবসময় ভালোভাবে গ্রহণ করতে চায়। কিন্তু একটি রাজনৈতিক দলের ছোট বন্ধুরা যেভাবে ক্রমাগত আক্রমণাত্মক আচরণ করে যাচ্ছে, তা কোনো সুস্থ ধারার রাজনীতি হতে পারে না।’
তিনি অভিযোগ করেন, রাজনীতিতে সক্রিয় না থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে অশালীন ভাষায় সমালোচনা করা হচ্ছে। এ প্রসঙ্গে আলাল বলেন, ‘যারা এই ধরনের নোংরা সমালোচনা করছে, তাদের মুখের ভাষা ও বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের সন্দেহ হয়—এরা আসলে মাদকাসক্ত কিনা।’
একই অনুষ্ঠানে দেশে মাদক বিস্তার ও চোরাচালানের পেছনে রাজনৈতিক প্রভাবকে দায়ী করেন তিনি। আলালের ভাষ্য, ‘শক্তিশালী রাজনৈতিক শক্তির কারণেই দেশ থেকে মাদক নির্মূল করা যাচ্ছে না।’
এছাড়া নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ বৃদ্ধির পেছনেও মাদককে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন বিএনপির এই নেতা।
সভায় ‘অপরাজেয় বাংলাদেশ’-এর নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।