রবিবার, 29 নভেম্বর 2026
সকল বিভাগ

বিসিবির অ্যাডহক কমিটি স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাডহক কমিটির সিদ্ধান্ত স্থগিত করার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। আমিনুল ইসলাম বুলবুলসহ ক্রিকেট বোর্ডের সাবেক ১১ জন পরিচালক যৌথভাবে এই আবেদনটি করেছেন।

বিসিবির অ্যাডহক কমিটি স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
ছবি : সংগৃহীত

তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাডহক কমিটির সিদ্ধান্ত স্থগিত করার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। আমিনুল ইসলাম বুলবুলসহ ক্রিকেট বোর্ডের সাবেক ১১ জন পরিচালক যৌথভাবে এই আবেদনটি করেছেন।

আইনি এই আবেদনে বিসিবির পূর্বতন নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে একটি রুল জারির আর্জি জানানো হয়েছে।

এর আগে গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত কমিটি বিলুপ্ত ঘোষণা করে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যবিশিষ্ট এই অন্তর্বর্তীকালীন অ্যাডহক কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে চলতি সপ্তাহে এই রিট আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ছাড়াও রিটকারীদের তালিকায় রয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট এবং আসিফ আকবরের মতো পরিচিত মুখ।

দায়ের করা এই রিট মামলায় বিবাদী করা হয়েছে সরকারের যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক, বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, বোর্ডের সচিব ও প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন, সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহ এবং ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)।

উল্লেখ্য, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক গঠিত এই অ্যাডহক কমিটিতে সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাসের সন্তান মির্জা ইয়াসির আব্বাস, আমির খসরু মাহমুদের সন্তান ইসরাফিল খসরু, সালাহউদ্দিন আহমদের সন্তান ইব্রাহিম আহমদ এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম।

এর আগে অন্য একটি প্রেক্ষাপটে এই অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের সাতজন আইনজীবী পৃথক একটি রিট দায়ের করেছিলেন। তবে বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ১১ মে সেই আবেদনটি সরাসরি খারিজ করে দেয়।