অস্ট্রেলিয়ান ওপেনের কোর্টে দাপট বজায় রেখে কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন শীর্ষ বাছাই তারকারা। পুরুষদের এককে কার্লোস আলকারাজ ও আলেকজান্ডার জেরেভ সরাসরি সেটে জিতে শেষ আট নিশ্চিত করলেও আসর থেকে বিদায় নিয়েছেন সাবেক এক নম্বর তারকা দানিল মেদভেদেভ। এই জয়ের পথেই টেনিস ইতিহাসে এক নতুন বিশ্বরেকর্ড নিজের নামে করে নিয়েছেন স্প্যানিশ তরুণ আলকারাজ।
এদিন কোর্টে খেলার পাশাপাশি গ্যালারি থেকেও ভিন্নরকম অভিজ্ঞতার সম্মুখীন হন আলকারাজ। আমেরিকার টমি পলের বিপক্ষে ম্যাচ চলাকালীন দর্শকদের কাছ থেকে একের পর এক বিয়ের প্রস্তাব আসতে থাকে তার কাছে। কেউ মেয়েকে বা কেউ শ্যালিকাকে বিয়ের অনুরোধ জানান, আবার এক তরুণী সরাসরি নিজেকেই প্রস্তাব দেন। পরিস্থিতি সামলে মুচকি হেসে আলকারাজ ৭-৬ (৮-৬), ৬-৪, ৭-৫ গেমে জয় ছিনিয়ে নেন।
ম্যাচ জেতার পাশাপাশি ৪৭ বছরের পুরনো একটি নজির ভেঙে ইতিহাস গড়েছেন আলকারাজ। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ২৩ বছর বয়স হওয়ার আগেই ১৪ বার গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে ওঠার অনন্য রেকর্ড গড়লেন তিনি। এর আগে বিয়র্ন বর্গ এবং বরিস বেকার ২৩ বছর পূর্ণ হওয়ার আগে ১৩ বার শেষ আটে উঠেছিলেন। অস্ট্রেলিয়ার দর্শকদের কাছে আলকারাজের জনপ্রিয়তা যে তুঙ্গে, তা গ্যালারির উন্মাদনাই প্রমাণ করে দিচ্ছে।
অন্যান্য বাছাইদের মধ্যে আলেকজান্ডার জেরেভ ৬-২, ৬-৪, ৬-৪ ব্যবধানে আর্জেন্টিনার ফ্রান্সিস্কো সেরানডোলোকে হারিয়ে সহজেই পরের রাউন্ডে পৌঁছেছেন। ষষ্ঠ বাছাই অ্যালেক্স ডি মিনাউর দাপুটে জয় পেয়েছেন আলেকজান্ডার বুবলিকের বিপক্ষে। তবে অঘটনের শিকার হয়েছেন দানিল মেদভেদেভ; আমেরিকার লির্নার টিয়েনের কাছে ৪-৬, ০-৬, ৩-৬ গেমে হেরে বিদায় নিতে হয়েছে এই রুশ তারকাকে।
মেয়েদের এককেও ফেভারিটরা আধিপত্য ধরে রেখেছেন। শীর্ষ বাছাই অ্যারিনা সাবালেঙ্কা ৬-১, ৭-৬ ব্যবধানে ভিক্টোরিয়া বোকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন। তৃতীয় বাছাই কোকো গফ তিন সেটের লড়াইয়ে ক্যারোলিনা মুচোভাকে পরাজিত করেন। এছাড়া এলিনা স্বিতোলিনা ও ইভা জোভিক নিজ নিজ ম্যাচে জয় পেয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন।