শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

বিয়ের ১০ দিনের মাথায় যুবকের ঝুলন্ত মরদেহ, চিরকুটে লেখা ‘বিদায়টা দরকার ছিল’

বিয়ের আনন্দ শেষ হতে না হতেই নেমে এল শোকের ছায়া। গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসা থেকে নোয়াখালীর এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুটি চিরকুটও পাওয়া গেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে শ্রীপুরের একটি ভাড়া বাসা থেকে আমজাদ হোসেন দিপুর মরদেহ উদ্ধার করা হয়। তিনি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের বাসিন্দা এবং মো. ফখরুল ইসলামের ছেলে। দিপু শ্রীপুরের একটি গার্মেন্টসে চাকরি করতেন।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা প্রথম চিরকুটে তিনি লিখেছেন, ‘বিদায়টা দরকার ছিল শান্তির জন্য। পরিবার, আত্মীয়-স্বজনরা, বন্ধুবান্ধব ইত্যাদি এই দুনিয়াটা একটা মরিচিকা।’
দ্বিতীয় চিরকুটে লেখা ছিল, ‘কী পেলাম এই জীবনে। না আছে পরকালের জন্য, না আছে দুনিয়াবি কাজ। ভালো থাকুক দুনিয়ার মানুষ।’

মৃতের বন্ধু আব্দুল মালেক শাওন জানান, গত ১৩ ফেব্রুয়ারি পারিবারিকভাবে এলাকার একটি মসজিদে দিপুর বিয়ে হয়েছিল। বিয়ের মাত্র ১০ দিনের মাথায় এমন ঘটনা ঘটে। তিনি বলেন, বাড়িতে নববধূ রয়েছেন, যার হাতের মেহেদির রং এখনো শুকায়নি। দিপু দীর্ঘদিন ধরেই মারাত্মক হতাশায় ভুগছিলেন।

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। শ্রীপুর থানা পুলিশ ঘটনার প্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।