দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, এসব প্রকল্পের কারণে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়েছে এবং বন্যার ক্ষয়ক্ষতিও বেড়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে যাতায়াত সহজ করতে হাওরের মাঝ দিয়ে সড়ক নির্মাণ করা হয়েছিল। এর ফলে হাওরের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে এবং পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, রাজনৈতিক বিবেচনায় দলীয় নেতাকর্মীদের ঠিকাদারি সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই এমন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল।
তিনি আরও অভিযোগ করেন, একটি বিশেষ দেশকে সন্তুষ্ট করতে শেখ হাসিনা সরকারের আমলে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়। তার দাবি, এর প্রভাবে সুন্দরবনসংলগ্ন পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা জানান, সাবেক রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দলটি সারা দেশে শোক পালন করছে। এ উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেছেন এবং দলীয় পতাকার পাশাপাশি কালো পতাকাও উত্তোলন করেছেন।
এ সময় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে রিজভী বলেন, সরকারের পাশাপাশি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদেরও ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসা উচিত।