শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

বোয়ালখালীতে লবণ কারখানায় অগ্নিকাণ্ড

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি লবণ কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের চিকিৎসাসেবা ও শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বোয়ালখালীতে লবণ কারখানায় অগ্নিকাণ্ড
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি লবণ কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের চিকিৎসাসেবা ও শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে চিকিৎসাধীন শ্রমিকদের চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

এ সময় তাঁর সঙ্গে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তছলিম উদ্দিনসহ বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

হাসপাতাল পরিদর্শনকালে সিটি মেয়র দগ্ধ শ্রমিকদের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে চিকিৎসাধীন রোগীদের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট সাধারণ ওয়ার্ডটি নিজের ব্যক্তিগত অর্থায়নে শীতাতপ নিয়ন্ত্রিত বা এসি করে দেওয়ার ঘোষণা দেন তিনি।

মেয়র ডা. শাহাদাত হোসেন এ বিষয়ে জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সঠিক চিকিৎসা নিশ্চিত করাই এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার। বর্তমানে চিকিৎসাধীন দগ্ধদের মধ্যে পাঁচজন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সাধারণ ওয়ার্ডে থাকা অপর তিন শ্রমিকের স্বজনরা ওয়ার্ডটিতে এসি না থাকায় তীব্র কষ্টের কথা জানালে তিনি অবিলম্বে নিজস্ব তহবিলের মাধ্যমে সেখানে এসির ব্যবস্থা করার সিদ্ধান্ত নেন। এই কাজের দ্রুত বাস্তবায়নে হাসপাতালের পরিচালককে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন মেয়র।

এর আগে ওই দিন সকাল সাড়ে দশটার দিকে বোয়ালখালী পৌরসভার অন্তর্গত পশ্চিম বঙ্গবানু মেম্বারটেক এলাকার কনফিডেন্স লবণ কারখানায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) এবং সেলিম উদ্দিন (৩০) নামের দশজন শ্রমিক।