ঢাকার মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ ফুটবলের। আগামী ৬ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে জামাল ভূঁইয়াদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিলের জাতীয় দল। তবে ম্যাচটি আয়োজনের আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বেশ কয়েকটি শর্ত দিয়েছে তারা।
দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের প্রস্তাব অনুযায়ী কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর তাদের পুরো দলকে ঢাকা নিয়ে আসার বিমানযাত্রার ব্যয় বাংলাদেশকেই বহন করতে হবে।
শুধু ঢাকা আসার খরচ নয়, বাংলাদেশে অবস্থানকালীন ব্রাজিল দলের থাকা, খাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াতের ব্যয়ও বহন করতে হবে বাফুফেকে। এর আওতায় থাকবেন জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ছাড়া ম্যাচ শেষে ব্রাজিল দল ঢাকা থেকে দেশে ফেরার সময়ও বিমানভাড়ার একটি অংশ বাংলাদেশকে বহন করতে হবে। প্রাথমিকভাবে জানা গেছে, ঢাকা থেকে দুবাই পর্যন্ত ব্রাজিল দলের যাত্রার ব্যয় বহনের শর্ত দেওয়া হয়েছে।
তবে ব্রাজিলকে ম্যাচ ফি বা অন্য কোনো বাণিজ্যিক অর্থ পরিশোধ করতে হবে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি। ফলে ম্যাচটি আয়োজন করতে বাংলাদেশের মোট কত টাকা ব্যয় হবে, তা এই মুহূর্তে নির্ধারিত হয়নি।
শর্তগুলো নিয়ে আলোচনা ও সমঝোতার ভিত্তিতেই শেষ পর্যন্ত ঢাকায় ব্রাজিল-বাংলাদেশ ম্যাচের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।