চট্টগ্রামের ফটিকছড়িতে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে তিন তরুণ প্রাণ হারিয়েছেন।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পেলাগাজী দিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বাসে থাকা আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন—ফটিকছড়ির হাজারীখীল এলাকার বাসিন্দা নয়ন কর্মকার (১৯), তপু উরাং (২২) ও উত্তম উরাং (১৭)। তারা তিনজনেই একই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির মানিকছড়িতে একটি বিয়ের দাওয়াত খেয়ে তারা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কা দেওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে বাসের বেশ কিছু যাত্রী গুরুতর আহত হন। এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে এবং আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাজিরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, ইফতারের ঠিক আগমুহূর্তে খাগড়াছড়ি থেকে আসা দ্রুতগামী বাসটির সঙ্গে ভুজপুরমুখী মোটরসাইকেলের এই সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং বাকি দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে তাদের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসক। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশ কাজ করছে।