বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

চট্টগ্রামে ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

চট্টগ্রামের রাউজানে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রামে ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে রাউজান থানার পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর এলাকায় সংঘটিত এই ডাকাতির পর জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন এবং ডাকাতিতে ব্যবহৃত দেশীয় সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক দেড়টার দিকে দেওয়ানপুর এলাকার আহমদ হোসেন বাবুলের দোতলা বাড়িতে ১৪-১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। ডাকাতরা সিঁড়িঘরের ওপরের ফাঁকা অংশ দিয়ে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। এরপর তারা ঘর থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।

ঘটনার পরপরই চট্টগ্রাম জেলা পুলিশের নির্দেশে একাধিক বিশেষ টিম অভিযানে নামে। তথ্য-প্রযুক্তি এবং স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাহাড়তলী ও বাগোয়ান ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১টি স্বর্ণের চেইন, ১ জোড়া কানের দুল, ১৩টি চুড়ি, ৩টি ব্রেসলেট, ১টি হাতঘড়ি, নগদ প্রায় ৫ হাজার টাকা এবং একটি রেডমি স্মার্টফোন। এছাড়া তাদের কাছ থেকে স্ক্রু-ড্রাইভার, প্লাস ও রেঞ্চসহ ঘর ভাঙার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল আহমেদ জানান, গ্রেপ্তারকৃতরা অত্যন্ত পেশাদার একটি চক্রের সদস্য। চক্রটির মূলহোতা ফজর আলী ওরফে 'ডিপজল ডাকাত' বর্তমানে পলাতক রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা দেশের বিভিন্ন এলাকা থেকে ঘটনার দিন সকালে চট্টগ্রামে জড়ো হয় এবং রাতে পরিকল্পিতভাবে এই ডাকাতি চালায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে।

এই ঘটনায় রাউজান থানায় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পলাতক মূলহোতা ও অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।