চট্টগ্রামের হাটহাজারীতে তাসরিন আকতার নামের চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৫ বছর বয়সী ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। মৃত তাসরিন উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের মাহালুমা বাজার এলাকার ওবায়দুল্লাহ সওদাগর বাড়ির শাহাদাত হোসেনের স্ত্রী। তিনি ১৭ মাস বয়সী একটি পুত্র সন্তানের মা ছিলেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, তাসরিন আকতার রাউজান উপজেলার গহিরা রোজা আলী বাড়ির মুজিবুর রহমান ও রুবি আক্তার দম্পতির মেয়ে। শুক্রবার দুপুরে স্বামীর বাড়িতে পারিবারিক বিবাদের জেরে তিনি গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অচেতন অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে নিশ্চিত করেন।
এদিকে তাসরিনের বাবার বাড়ির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, শ্বশুরবাড়ির সদস্যদের ধারাবাহিক নির্যাতনের শিকার হয়েই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি আপাতদৃষ্টিতে আত্মহত্যা বলে মনে হলেও সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরিষ্কার হবে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।