আগামী ৪৮ ঘণ্টায় দেশের আট বিভাগেই কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রপাত ও ভারী বৃষ্টিপাত।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, শনিবার (২ মে) দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বজ্রসহ ঝড় আঘাত হানতে পারে।
একই সময় বজ্রমেঘ সক্রিয় থাকায় ঢাকাসহ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকির কথাও উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে পূর্বের দেওয়া সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।