রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরকে কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগের তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাত কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদকে।
কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (প্রশাসন-১ শাখা) ইমতিয়াজ হোসেন। আর সদস্য করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. জাহিদ রায়হানকে।
প্রয়োজনে স্বাস্থ্য অধিদপ্তর এবং এর আওতাধীন প্রতিষ্ঠানের যেকোনো কর্মকর্তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করা যাবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
বুধবার আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালক কাজী আহমেদ জাকিরকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে।
ঘটনার পর ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক চিকিৎসক জাহিদ হাসানের পদ সাময়িকভাবে স্থগিত করেছে সংগঠনটি।