বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সহযোগিতা স্মারক সই, দুই প্রকল্পে ঋণ প্রতিশ্রুতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দুই দেশের মধ্যে চারটি সহযোগিতা স্মারক ও চুক্তি সই হয়েছে। এর মধ্যে বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে টহল জাহাজ সরবরাহের জন্য অনুদান চুক্তিও রয়েছে। এ ছাড়া দুটি উন্নয়ন প্রকল্পে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সহযোগিতা স্মারক সই, দুই প্রকল্পে ঋণ প্রতিশ্রুতি
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দুই দেশের মধ্যে চারটি সহযোগিতা স্মারক ও চুক্তি সই হয়েছে। এর মধ্যে বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে টহল জাহাজ সরবরাহের জন্য অনুদান চুক্তিও রয়েছে। এ ছাড়া দুটি উন্নয়ন প্রকল্পে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।

বুধবার টোকিওতে বাংলাদেশ দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

প্রতিমন্ত্রীর তথ্যানুযায়ী, বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা জোরদারে টহল জাহাজ সরবরাহের জন্য জাপান সর্বোচ্চ ২১২ কোটি ইয়েন অনুদান দেবে। এর পরিমাণ ১ কোটি ৩৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

এ ছাড়া জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে একটি সহযোগিতা স্মারক (এমওসি) সই হয়েছে।

জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয় এবং বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের মধ্যে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি নিয়ে আরেকটি সহযোগিতা স্মারক সই হয়েছে।

একইভাবে জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয় এবং বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মধ্যেও সহযোগিতা স্মারক সই হয়েছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার বিষয়ে জাপানের পরিবেশ মন্ত্রণালয় এবং বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মধ্যে একটি প্রাথমিক সমঝোতাপত্র বা লেটার অব ইনটেন্ট সই হয়েছে।

দুটি প্রকল্পে ঋণের প্রতিশ্রুতিও পাওয়া গেছে। প্রকল্প দুটি হলো বিনিয়োগের পরিবেশ উন্নয়ন এবং উপজেলা গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রকল্পের দ্বিতীয় পর্যায়।

বিনিয়োগের পরিবেশ উন্নয়ন প্রকল্পে ১ হাজার ৫৮৮ মিলিয়ন ইয়েন ঋণের প্রতিশ্রুতি দিয়েছে জাপান, যার পরিমাণ ১০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। অন্যদিকে উপজেলা গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য ৩ হাজার ৬৮ মিলিয়ন ইয়েন বা ১৯ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে স্ত্রীকে সঙ্গে নিয়ে জাপান যান।